অনলাইনে স্যামসাং এস৮ প্লাস অর্ডার করেছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন লিটন। তবে ৩৬ হাজার ২৭১ টাকা পরিশোধ করে তিনি পেয়েছেন তিন প্যাকেট হুইল সাবান।
গণমাধ্যমকে আমজাদ হোসেন জানান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে অর্ডার করার দুই দিন পর ঠাকুরগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি প্যাকেট আসে। ফোন পেয়ে গত ৬ এপ্রিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠাকুরগাঁও সদর শাখায় গিয়ে মোবাইল ফোনটির দাম পরিশোধ করি। এরপর দারাজ থেকে পাঠানো প্যাকেটটি কুরিয়ার সার্ভিসের লোকজনের সামনেই খুলি। দেখি ভেতরে ফোনের বদলে রয়েছে তিনটি হুইল সাবান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান ও দারাজের কর্তৃপক্ষকে ফোন করেন।
এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ভুল হয়েছে স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখবে বলে আমাকে জানিয়েছেন দারাজের কর্তৃপক্ষ। আর আমার জন্য একটি স্যামসাং এস৮ প্লাস মোবাইল পাঠাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে সেই ফোন এখনো হাতে পাইনি।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিসিটিভি ফুটেজে ঘটনাটি রেকর্ড রয়েছে জানিয়ে লিটন আরো বলেন, এরকম একটি প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করে যদি ফোনের বদলে হুইল সাবান পাই, তাহলে অনলাইনে কেনাকাটা থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে।
এ ব্যাপারে ওই অনলাইন শপের জনসংযোগ কর্মকর্তা ফয়েজ বলেন, ব্যাপারটা আমরা জেনেছি। কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করার চেষ্টা চলছে।
ভুক্তোভোগী গ্রাহকের কাঙ্খিত মোবাইলটি তারা আবার পাঠিয়েছেন দাবি করে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে ফোনটি তার হাতে পৌঁছে যাবে।
সম্প্রতি অনলাইন শপে পণ্য অর্ডার করে একইরকম ভুক্তোভোগী হয়েছেন লক্ষ্মীপুরের পিয়াস সরাকার নামের এক যুবক। তিনি ‘স্মার্ট শপ ঢাকা’ নামে একটি অনলাইন শপে এক হাজার ৮০০ টাকা দিয়ে একটি ঘড়ি অর্ডার করে দুটি বড় বড় পেঁয়াজ পান।