ফেইসবুক ব্যবহারকারীর গোপনীয়তায় আঘাত হানার অভিযোগ উঠল ফেইসবুকের বিরুদ্ধে। রাজনৈতিক পোস্ট করায় ব্যবহারকারীর বাড়িতে গিয়ে যাচাই করছেন ফেইসবুকের প্রতিনিধিরা। সম্প্রতি দিল্লির এক ফেইসবুক ইউজারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।
রাজনীতি নিয়ে কোনো কনটেন্ট ফেইসবুকে লেখা হলে, বাড়ি গিয়ে তা খতিয়ে দেখছেন মার্ক জাকারবার্গের ভারতীয় কর্মকর্তারা। বিষয়টি ঠাট্টা নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নির্দেশেই এমনটা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি দিল্লির এক ফেইসবুক ব্যবহারকারীর বাড়িতে হানা দিয়েছিলেন ফেইসবুকের এক্সিকিউটিভ। নাম প্রকাশে অনিচ্ছুক সেই লোক জানিয়েছেন, ‘দেখে মনে হচ্ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাড়িতে পুলিশ এসেছে। ফেইসবুকে যে রাজনৈতিক লেখাটি আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেই ব্যক্তি আমিই কি না, তা খতিয়ে দেখতে আমার তথ্য দেখতে চাইলেন ফেইসবুকের প্রতিনিধি।’
শুধুমাত্র একটা পোস্টের জন্য ফেইসবুকের কর্মকর্তারা তার বাড়িতে হানা দেওয়ায় অবাক হয়ে গিয়েছেন ওই ব্যবহারকারী। তার প্রশ্ন, ‘এটা খুবই দুঃখজনক। একজন ইউজারের সঙ্গে কীভাবে এটা করতে পারে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ইউজারের গোপনীয়তা তাহলে কীভাবে রক্ষিত হবে? কোথাও এমন কোনো ঘটনার কথা আগে শুনিনি। এটা কি সরকারের নির্দেশেই করা হচ্ছে?’
এ ব্যাপারে ফেইসবুকের কী প্রতিক্রিয়া, তা জানতে দুটি ইমেইল পাঠালেও তার কোনো জবাব আসেনি। আইনি বিশেষজ্ঞদের মতে, এই কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে শাস্তি দেওয়া উচিত।
সাইবার আইন বিশেষজ্ঞরা বলছেন, এই কাজ নিঃসন্দেহে ফেইসবুক ব্যবহারকারীর গোপনীয়তায় আঘাত। নির্দিষ্ট আইনবলে শুধুমাত্র রাষ্ট্র এটা করতে পারে।