শিগগিরই নতুন সিনেমার শ্যুটিং

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অমিতাভ রেজা। সম্প্রতি শেষ করেছেন একটি ওয়েব সিরিজের কাজ। শিগগিরই শ্যুটিং শুরু করবেন নতুন সিনেমার। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদী

ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’...

এরই মধ্যে এই সিরিজের কাজ শেষ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে এটি কলকাতার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফরম হইচই অ্যাপে প্রকাশ হবে আগামী ১১ এপ্রিল। এর প্রযোজনায় আছে কলকাতার জনপ্রিয় প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস। ৯ পর্বে সাজানো ওয়েব সিরিজটির ট্রেইলার আজই প্রকাশ হবে। ‘ঢাকা মেট্রো’র চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। এর গল্পে দেখা যাবে তিনজন মানুষের যাত্রা নিয়ে নানা কাহিনী। এখানে অপি করিমের চরিত্রের নাম জয়গুন, কখনো কখনো তাকে জবা বলেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নেভিল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন শশী ও মনোয়ার কবির। তারা যাত্রাপথে ম্যাজিক রিয়েলিটির (লাতিন আমেরিকান লিটারেচার) মুখোমুখি হয়। ভিন্নধারার উপস্থাপনা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের।

নতুন সিনেমা ‘রিকশা গার্ল’...

আমার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’-এর প্রি প্রোডাকশনের কাজ এরই মধ্যে শেষপর্যায়ে চলে এসেছে। শিগগিরই শ্যুটিং শুরু হবে। এটি রিকশা পেইন্টের গল্প। একেবারেই নতুন ছেলেমেয়ে নিয়ে কাজ করছি। আমি একাধিক কাজ একসঙ্গে করতে পারি না। তাই এখন শুধু এই সিনেমা নিয়েই মনোযোগ। এ জন্য বিজ্ঞাপন নির্মাণ বন্ধ করে দিয়েছি। প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র সময়ও আমি দীর্ঘদিন অন্যসব কাজ বন্ধ রেখে শুধু সিনেমাটিতেই মনোযোগ দিয়েছিলাম। আর্থিক দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও ভালো ফল পেয়েছি।

অপি করিমের সঙ্গে প্রথম...

এর আগে আমার বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও এই প্রথম আমার নির্দেশনায় কোনো ফিকশনে কাজ করলেন অপি করিম। তবে আমরা দুজন দুজনের কাজের অনুরাগী, বন্ধু। তিনি কেমন অভিনেত্রী সেটা সবাই জানেন। তার মতো জানাশোনা মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় আলাদা হবে, এটাই স্বাভাবিক। কাজটি করে ভালো লেগেছে।

শিক্ষকতা...

নির্মাণের পাশাপাশি শুধু শিক্ষকতাটাই করছি। একাধিক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে একটি কোর্স আর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে দুটি কোর্স পড়াই।