প্রাণীপ্রেমী আনুশকা

প্রাণীদের জন্য আশ্রয়কেন্দ্র খুলবেন বলিউড তারকা আনুশকা শর্মা। কিছুদিনের মধ্যেই আনুশকা শর্মা নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান তার এক মুখপাত্র। অনেক দিন ধরেই আনুশকা শর্মাকে নিয়ে বলিউডে কোনো খবর নেই। শিগগিরই তিনি আবার আলোচনায় ফিরবেন বড় ঘোষণা নিয়ে। কাজে হাত দিয়েই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান। আনুশকা শর্মার কাছের ওই বন্ধু বলেন, “২০১৮ সাল আনুশকার ভালোই কেটেছে। ‘সঞ্জু’ ছবিটি প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ‘জিরো’ ৯২ কোটি, ‘পরি’ ৩০ কোটি এবং ‘সুই ধাগা’ ৮৫ কোটি রুপি আয় করেছে। কাজ নিয়ে এত ব্যস্ততার পর আনুশকা এখন ব্যস্ত থাকতে চান শুধুই স্বামীকে (বিরাট কোহলি) নিয়ে। এভাবে তিনি পরিবার আর ক্যারিয়ারের মধ্যে সামঞ্জস্য রাখতে চান। তিনি প্রাণীদের খুব ভালোবাসেন। তাই শিগগিরই তিনি প্রাণীদের জন্য মহারাষ্ট্রে একটি আশ্রয়কেন্দ্র এবং চিকিৎসাকেন্দ্র খুলবেন।” এবার কাজের কথা। শোনা যাচ্ছে, আনুশকা শর্মা নেটফ্লিক্সের জন্য ‘বুলবুল’ নামে একটি শো পরিচালনা করবেন। এই অনুষ্ঠানের প্রযোজকও নাকি তিনি। ‘এনএইচটেন’, ‘ফিল্লৌরি’, ‘পরি’ নামে তিনটি চলচ্চিত্র প্রযোজনা করে এরই মধ্যে সফল প্রযোজক হিসেবে বলিউডের খাতায় নাম তুলেছেন। এসব চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। ‘এনএইচটেন’-এ আলোচনায় এসেছেন ‘সাহসী চুমু’র দৃশ্য করে, অন্যদিকে ‘ফিল্লৌরি’তে হয়েছেন রূপকথার আদুরে ভূত আর ‘পরি’তে দেখিয়েছেন ভূত যে শুধু আদুরে বা দিব্যি ‘ভালোমানুষ’ হবে, এমন কোনো কথা নেই। সেখানে দেখা গেল আনুশকা শর্মা বিশাল নখওয়ালা রক্তখেকো এক ভূত! তবে সেই ভূতেরও মানুষের প্রেমে পড়ার মতো বিশাল হৃদয় আছে।