রাষ্ট্রীয় মর্যাদায় গণপূর্তমন্ত্রীর পিতার দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা মুক্তিযোদ্ধা আবদুল খালেক শেখের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল সকাল ১০টায় রাজধানীর ২৪ বেইলি রোডে গণপূর্তমন্ত্রীর বাসভবনে মরহুমের প্রথম জানাজা হয়। পরে বাদ আসর উপজেলার সাতকাছিমা মাদ্রাসা মাঠে দ্বিতীয় ও বাদ মাগরিব নিজ গ্রামের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা হয়। জানাজার আগে বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান রেজাউল করিম।

মুক্তিযোদ্ধা আবদুল খালেক শেখের দাফনের আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় গণপূর্তমন্ত্রী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বজনরা জানিয়েছেন, গত শুক্রবার গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে আবদুল খালেককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনে তাকে আইসিউতে রাখা হয়। সেখানে গত রবিবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আবদুল খালেকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।