পবিত্র শবেবরাত এবং পাশাপাশি পরীক্ষা হওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলমান এ পরীক্ষার মোট পাঁচ দিনের সূচিতে পরিবর্তন এনেছে কর্র্তৃপক্ষ।
এর আগে ২১ এপ্রিলকে পবিত্র শবেবরাতের ছুটির তারিখ নির্ধারণ করে পরীক্ষার সময়সূচি করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখাসাপেক্ষে শবেবরাত ২১ এপ্রিল রাতে পালিত হবে। সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল। এ কারণে ওইদিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক এসব তথ্য জানান।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের আরবি প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র ও পালি প্রথম পত্রের পরীক্ষা ৯ মে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে ১১ মে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২২ এপ্রিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব.) দ্বিতীয় পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ মের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৬ মে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে।