অস্ট্রেলিয়াভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিক’ বাংলাদেশে সালফিউরিক এসিড প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করতে আগ্রহী। গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিকের একটি প্রতিনিধিদলের এক বৈঠকে ওই উদ্যোক্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আগ্রহ প্রকাশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, কে, এম, শামসুল আরেফীন, প্রতিনিধিদলের প্রধান ও আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস অর্মস্টন, ব্যবস্থাপক ইন্দ্রনীল চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আউটেকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস অর্মস্টন চট্টগ্রামের পতেঙ্গায় ‘টিএসপি কমপ্লেক্সে’ সালফিউরিক এসিডের একটি প্ল্যান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। বলেন, এটি নির্মাণ হলে বাংলাদেশে সালফিউরিক এসিডের অভ্যন্তরীণ চাহিদা দেশে উৎপাদন থেকেই জোগান দেওয়া যাবে।
বৈঠকে টিএসপি কমপ্লেক্সে নতুন টিএসপি সারকারখানা স্থাপন, সালফিউরিক এসিড উৎপাদন এবং কারখানা থেকে বাই প্রোডাক্ট উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে।
টিএসপি এবং সালফিউরিক এসিড উৎপাদনের জন্য সমন্বিত একটি কারিগরি প্রস্তাব পেশের জন্য প্রতিনিধিদলকে পরামর্শ দেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশে টিএসপি সারের চাহিদা প্রায় ৭ লাখ টন। বিসিআইসির আওতাধীন চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের একটি ইউনিটে বছরে ১ লাখ টন টিএসপি সার উৎপাদন হয়। জাতীয় চাহিদার অবশিষ্ট অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। এ প্রেক্ষাপটে টিএসপি সার এবং সালফিউরিক এসিড উৎপাদনে যৌথ বিনিয়োগ লাভজনক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।