সাবেক মন্ত্রীদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন

সরকারি বাসায় অবস্থান করা সাবেক মন্ত্রী ও সচিবদের বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লবসহ পাঁচ আইনজীবী গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট  আবেদনটি করেন।

রিটকারী হুমায়ুন কবির পল্লব জানান, ‘বর্তমান সরকার গঠনের পর মন্ত্রিসভার অন্তত ১২ জন সরকারি বাসায় উঠতে পারছেন না। কারণ আগের মন্ত্রীদের অনেকেই বাসা ছাড়ছেন না। অথচ নতুনদের নামে বাসা বরাদ্দ রাখা হয়েছে। নিয়ম হলো নতুন কাউকে বরাদ্দ দেওয়া হলে পুরনোদের বরাদ্দ এমনিতেই বাতিল হয়ে যায়। এ ছাড়া বিগত ওয়ান ইলেভেনের সময় মন্ত্রীদের কিছু বাসা সচিবদের  জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তারাও দীর্ঘদিন ধরে বাসা ছাড়ছেন না। এমন পরিস্থিতিতে বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় পুরনো মন্ত্রীদের নতুনদের বাসা বুঝিয়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।’ তিনি আরও জানান, বিষয়টি নিয়ে গত ৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছিল। নোটিসের জবাব না পাওয়ায় এ রিট আবেদনটি করা হয়। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এর ওপর শুনানি হবে। তিনি আরও জানান, রিটে স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।