খালগুলো ভরাট থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবছে : মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এরমধ্যে আমি নির্দেশ দিয়েছি; দুই থেকে তিন দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করব। যেসব ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, সেগুলো আমরা পরিষ্কার করব। গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি আরও বলেন, খালগুলো ভরাট হয়ে আছে। সে কারণে অল্প বৃষ্টি হলে রাস্তা ডুবে যাচ্ছে। সেগুলো উদ্ধারে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজ করব। পাশাপাশি আমি ওয়াসাকে অনুরোধ করব তারা যেন জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে কাজ করে।

মেয়র আতিকুল বলেন, জলাবদ্ধতার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে, জলাবদ্ধতা নিরসনে কে কাজ করবে, কে করবে না, কোথায় বাজেট পাবনে আমাদের পক্ষ থেকে যেটুকু করার আমরা তার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, যে যেই সংস্থাতে থাকুক না কেন আসুন আমরা সবাই মিলে জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে কাজ করি। সাধারণ মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে মেয়র আতিকুল বলেন, সাধারণ মানুষ চলার পথে ময়লা আবর্জনা রাস্তায় ফেলছে, সেগুলো গিয়ে ড্রেনে পড়ছে, ফলে পানিপ্রবাহ নষ্ট হচ্ছে। আমরা বিদেশে গেলে কোথাও ময়লা ফেলি না, সড়কে সিগন্যাল মেনে চলি। কিন্তু আমাদের দেশে কেন সড়ক পারাপারে নিয়ম বানব না, কেন যত্রতত্র ময়লা ফেলব? এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ,  ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল এলাহী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন, উপাচার্য এস এম শহিদুল হাসান প্রমুখ।