ভারতের ছত্রিশগড় রাজ্যের দান্তেওয়াড়া এলাকায় বিজেপির বিধায়ক ভিমা মাণ্ডভির (৪০) গাড়িবহরে হামলা চালিয়েছে ওত পেতে থাকা মাওবাদীরা। এতে ওই বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে শ্যামাগিরি পাহাড়ে এ হামলা হয়। আগামীকাল বৃহস্পতিবার মাওবাদী অধ্যুষিত বাস্তার এলাকায় লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু হবে। সে নির্বাচনে
ভোট না দিতে স্থানীয়দের সতর্ক করেছে মাওবাদীরা। তাদের পোস্টারে সে বার্তা রয়েছে।
স্থানীয় কিছু সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই আইনপ্রণেতাকে প্রচার না করতে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তিনি তার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মাওবাদীরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে বিস্ফোরণ ঘটায়। এতে বুলেট প্রুফ যানবাহনটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তার একটি গর্তের পাশে গাড়ির টুকরা পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে নিহত অপর চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, লোকজন বহরের অন্য গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার সময় লুকিয়ে থাকা মাওবাদীরা গুলি চালাতে থাকে। এরপর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলছিল।
ঘটনার পর ওই এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাগেল উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন।
হামলার নিন্দা জানিয়ে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ছত্রিশগড়ে মাওবাদীদের হামলার তীব্র নিন্দা জানাই। শহীদ হওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা। এ শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।’
আরেক টুইটে তিনি বলেন, ‘শ্রী ভিমা মাণ্ডভি বিজেপির নিবেদিত কর্মী ছিলেন। পরিশ্রমী ও সাহসী; তিনি একাগ্রচিত্তে ছত্রিশগড়ের মানুষকে সেবা দিয়েছেন। তার মৃত্যু প্রচণ্ড পীড়াদায়ক। তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’