বৈশাখী সাজে পূর্ণতা আনতে আজ থাকছে বিভিন্ন ধরনের দেশীয় গহনার খবর।
মাটি : দেশীয় ঐতিহ্যকে ধারণ করতে বেছে নিতে পারেন মাটির গহনা। মাটির সঙ্গে কড়ি ঝিনুক কাঠ বা যেকোনো প্রাকৃতিক উপাদান যোগ করে নতুনত্ব আনা হয়। মাটির গহনা আছে নানা রঙের। যোগ হচ্ছে নানা আলপনা। কৃত্রিম রঙের পাশাপশি প্রাকৃতিক লালচে রংও থাকছে। মাটির কানের দুলের সঙ্গে পুঁতি দিয়ে লম্বা মালা এক বা দুই প্যাঁচে পড়তে পারেন। আছে মাটির ঝুমকা আর গলার চিক।
কোথায় পাবেন ও দরদাম : দোয়েল চত্বর, শাহবাগের আজিজ সুপার মার্কেট, পিরান, অরণ্য, আড়ংসহ বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে অন্যান্য গহনার পাশাপাশি পেয়ে যাবেন মাটির গহনা। কানের দুল বা ঝুমকার দাম ১০০ থেকে ৩০০ টাকা, মালা ৩০০ থেকে ৭০০ টাকা, বালা ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
পুঁতি : পুঁতি দিয়ে তৈরি গহনা অধিকাংশ পোশাকের সঙ্গেই মানায়। ছোট, বড়, গোল, চৌকোনা ইত্যাদি নানা আকারের পুঁতির সঙ্গে কাঠি, কাচ, বিভিন্ন স্টোন ও মেটালের সমন্বয় করে নকশায় আনা হচ্ছে বৈচিত্র্য। কয়েক লহরের মালা একসঙ্গে করে তাতে কাঠ বা মেটালের বিডস দিয়ে তৈরি মালাগুলো বেশ আকর্ষণীয়। ক্রিস্টাল বিডসের সঙ্গে পুঁতি যোগ করে তৈরি করা হয়েছে নানা ডিজাইনের মালা, নেকলেস, চোকারসহ আরও অনেক গহনা। আরও ছোট ছোট পুঁতি দিয়ে তৈরি কানের দুল আর মালা ও ব্রেসলেটও।
কোথায় পাবেন ও দরদাম : পুঁতির গহনার দাম নির্ভর করে উপকরণের পার্থক্যের ওপর। মালার দাম ৮০ টাকা থেকে শুরু। কানের
দুল পাবেন ৫০ টাকা থেকে। হাতের ব্রেসলেট ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। নিউমার্কেট, গাউছিয়া, গুলশান ডিসিসি মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের গহনার দোকানে পুঁতির গহনা পাওয়া যায়।
কাঠ : কাঠকে নির্দিষ্ট আকারে কেটে সিনথেটিক ক্লিয়ার দিয়ে বার্নিশ করে তৈরি হয় কাঠের গয়না। এর ফাঁকে প্রয়োজনীয় রঙের কাজটাও সেরে নেওয়া হয়। আঁকা হয় বিভিন্ন রকমের ছবি। কোনো কোনোটায় ফুটিয়ে তোলা হয় বিখ্যাত ব্যক্তিদের অবয়ব। ফ্রিডা কাহলো, কবি নজরুল থেকে শুরু করে গ্রামবাংলার নারীও রয়েছেন এই তালিকায়। আবার কোনোটায় ফুটিয়ে তোলা হয় রিকশা চিত্র, বিভিন্ন নকশা, জ্যামিতিক ছবি। আবার একটা কাঠের টুকরোর সঙ্গে আরও কয়েকটা টুকরো বিভিন্ন মেটাল দিয়ে যুক্ত করে বানানো হয় কাঠের গহনা। কাঠের গহনা শুধু কাঠ দিয়েই তৈরি হয় না। এর সঙ্গে যোগ হয় মেটাল, পুঁতি, কড়ি, ঝিনুক, বোতাম, শুকনো বীজ, কাচ, কাপড় ইত্যাদি আরও অনেক ধরনের জিনিস।
কোথায় পাবেন ও দরদাম : আজিজ সুপার মার্কেট, পিরান, অরণ্য, আড়ংসহ বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে আপনি পেয়ে যাবেন কাঠের গহনা।
এছাড়া অনলাইন শপেও পাবেন কাঠের গহনা। দামও খুব একটা বেশি নয়। চুড়ির ডজন ১২০ থেকে ৪০০ টাকা, মালা ৫০ থেকে ৫০০ টাকা, কানের দুল ২০ থেকে ৮০ টাকা।