এলজি জি৮ থিনকিউ নিয়ে আলোচনা গত বছর থেকে। চলতি বছরে নতুন ফোনের সংক্ষিপ্ত তালিকা করতে গেলে এই ফোনটিকে রাখতেই হবে। ফোনটি পানিরোধী (ওয়াটারপ্রুফ) না হলেও পানি প্রতিরোধী (ওয়াটার রেজিস্ট্যান্ট) হিসেবে বানানোর কারণে ক্রেতাদের নজর কাড়ছে। চলুন জেনে নেওয়া যাক আরও কিছু দিক।
ভালো দিক: এলজি জি৮ থিনকিউর পর্দা বেশ ব্রাইট। ফাস্ট প্রোসেসরের পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরাটাও খারাপ না।
খারাপ দিক: ফোনটির টাচলেস হ্যান্ড কন্ট্রোল সিস্টেম কিছুটা বিরক্তিকর। ভিডিওর পোর্ট্রেট মোডও খুব একটা নজর কাড়তে পারেনি। একদমই স্মুথ মনে হয় না।
সার্বিকভাবে এই ফোনটিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট ‘দারুণ’ বলছে। কিন্তু স্বতন্ত্র ফিচারের অভাবে গ্যালাক্সি এস১০ই’র সঙ্গে পেরে ওঠেনি।
এলজি জি৮ থিনকিউ ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। অন্য দেশেও দ্রুত আসার কথা।
ফোনটিতে তিনটি ক্যামেরা থাকছে। একটি ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, একটি ১২ মেগাপিক্সেলের এবং অন্যটি ৮ মেগাপিক্সেলের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনটি কালার হবে এই ফোনের: কালো, ধূসর এবং লাল।
বিক্রির ঘোষণা দেওয়ার আগে থেকে এই ফোনটিতে ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকার কথা চাউর হয়। কিন্তু এখনো পর্যন্ত তার সত্যতা মেলেনি।
এলজি তাদের ওয়েবসাইটে ফোনের সাউন্ডকে ‘বিরল’ বলে দাবি করেছে। তারা জানিয়েছে, ‘আগে কখনো আপনি কোনো ফোনে এমন সাউন্ড পাননি। কারণ এটির পুরো স্ক্রিনই স্পিকার!’