ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন মোদি সরকারই আবার সরকার গঠন করুকÑ এমনটা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের এক সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
সাক্ষাৎকারে ইমরান খান বলেন, কাশ্মীর সমস্যার সমাধানে কংগ্রেসের তুলনায় বিজেপি অনেক বেশি আন্তরিক। মোদি ক্ষমতায় এলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা এগোবে বলেও তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ভারতের পরবর্তী সরকার কংগ্রেস গঠন করলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে কোনো শান্তি আলোচনা নাও হতে পারে। তবে ডানপন্থি পার্টি বিজেপি জিতলে এ ইস্যু নিয়ে কিছু ক্ষেত্রে ইতিবাচক সাফল্য আসতে পারে। আফগানিস্তান, ভারত, ইরান, এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং পাকিস্তান নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়।
ইমরান খানের এমন বক্তব্যে ভারতের রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘পাকিস্তান কেন চায় মোদি জিতুক? প্রধানমন্ত্রী মোদি, দয়া করে আপনি জাতিকে বলুন পাকিস্তানের সঙ্গে আপনার সম্পর্কটা কতটা গভীর? প্রত্যেক ভারতীয়র জানা উচিত মোদি জিতলে পাকিস্তানের আকাশে পটকা ফুটবে।’