পুঁজিবাজারে লেনদেন শুরুর দ্বিতীয় দিনেই কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার দর। বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রতি শেয়ার ৪৫ টাকায় বিক্রি করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এর শেয়ারদর নেমে আসে ৪৩ টাকা ৩০ পয়সায়। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের পর গত মঙ্গলবার থেকে এ কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়।
প্রথম দিন এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারদর মাত্র ৭০ পয়সা বা ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৪৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আর গতকাল শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৫৮ শতাংশ কমে ৪৩ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।
বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের কাট-অফ প্রাইস ৪৫ টাকা নির্ধারিত হলেও সাধারণ বিনিয়োগকারীরা ৪০ টাকায় লটারিতে বরাদ্দ পান। বাজার পরিস্থিতির কারণে এ কোম্পানির শেয়ারদর আরও কমে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) প্রস্তাবের নিচে নেমে আসার আশঙ্কা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। গতকাল ডিএসইতে এ কোম্পানির ১৪ লাখ ১৫ হাজার ৮১টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা।
এস্কয়ার নিট কম্পোজিটের পরিশোধিত মূলধন হচ্ছে ১৩৪ কোটি ৮৯ লাখ টাকা। চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকীতে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। কোম্পানির মোট শেয়ারের ৪৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে উদোক্তা পরিচালকদের হাতে।