রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন ছয় রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজেদের পরিচয়পত্র জমা দিয়েছেন ঢাকায় নব নিযুক্ত ছয় দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। গতকাল বুধবার বঙ্গভবনে এল সালভাদরের রাষ্ট্রদূত আরিয়েল আন্দ্রাদে গালিন্দ, জাম্বিয়ার হাইকমিশনার জাইনাবা জাগনে, গিনির ফাতোউমাতা বালদে, আর্জেন্টিনার ড্যানিয়েল চুবুরু,

লিথুয়ানিয়ার জুলিয়াস প্রানেভিসিয়াস, বসনিয়া ও হার্জেগোভিনার মুহামেদ সেনজিক আলাদাভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র প্রদান করেন। পরে বঙ্গভবনের প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সম্ভাবনায় ক্ষেত্রসমূহ কাজে লাগাতে উদ্যোগী হওয়ার জন্য দূতদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সৈকত এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। রাষ্ট্রদূতদের নিজ নিজ দেশে বাংলাদেশের পর্যটন শিল্প সম্পর্কে জানাতে অনুরোধ করেন আব্দুল হামিদ। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান রাষ্ট্রদূতরা। এর আগে ছয় দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।