নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৩ এপ্রিল অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। অসুস্থতার কারণে খালেদা জিয়াকে গতকাল হাজির করা যায়নি বলে আদালতকে জানিয়েছে কারা কর্র্তৃপক্ষ। এ দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদন গত বছর ১৮ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। পাশাপাশি মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।
২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরে ২০০৮ সালের ৫ মে মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে কারাগারে।