জয়পুরহাটে মাদ্রাসাছাত্র হত্যায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে ৫ম শ্রেণির ছাত্র নুরুন্নবী হত্যা মামলার রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম ও নওগাঁর বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মাহবুব আলম।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ধলাহার আলিয়া মাদ্রাসার ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের ২ নভেম্বর রাতে নিখোঁজ হন। পরদিন ওই মাদ্রাসার পেছন থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত নুরুন্নবীর বাবা বাদী হয়ে নুর আলম ও মাহবুব আলমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।