নিজেদের হাতে ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ভাগ্য। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারাতে পারলেই রেলিগেশন লিগে খেলা থেকে মুক্তি পেত দলটি। কিন্তু হলো উল্টো। হারতে হলো ম্যাচে। তার পরও অবশ্য ভাগ্যের সহায়তায় দলটি মুক্তি পেয়েছে রেলিগেল লিগে খেলা থেকে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে বৃষ্টি আইনে খেলাঘরকে ১৫ রানে হারায় শাইনপুকুর।
টস হেরে আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় খেলাঘর। জবাব দিতে নেমে শাইনপুকুর ২৮.৫ ওভারে ৪ উইকেটে ১২৩ রান করার পর বৃষ্টি হানা দেয়। পরে ৪৭ ওভারে ১৮৪ রানের লক্ষ্য দাঁড়ায় তাদের সামনে।
৪১তম ওভার শেষ হতেই আবার বৃষ্টি। শাইনপুকুরের রান তখন ৬ উইকেটে ১৬৫। বৃষ্টি আর না থামায় ১৫ রানে (বৃষ্টি আইনে) জয় পায় দলটি।
ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর এদিন ছোট্ট পুঁজি গড়ে মাসুম খানের ব্যাটে। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মাসুম। শাইন পুকুরের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন দেলোয়ার হোসেন।
এর আগে ব্যাটিংয়ে শাইনপুকুরের পক্ষে ৬৪ রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম। ৩৪ রান এসেছে ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন সাদমান। জয় পেলেও শাইনপুকুরকে থামতে হচ্ছে প্রথম পর্বেই।
এদিকে খেলাঘরের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় রেলিগেশন লিগে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। সঙ্গী বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাব। তিন দল একে অপরের সঙ্গে মুখোমুখি হওয়ার পর তলানিতে থাকা দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।