একদিন আগেই উইজডেন ক্রিকেটার অ্যালমান্যাকের নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। এদিনই ঘোষিত হয়েছে ২০১৮ সালের বর্ষসেরা ক্রিকেটারদের নাম। যেখানে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের ঠাঁই মেলেনি ঠিক। তবে সেরার তালিকায় একটা জায়গায় ঠিকই রয়েছে বাংলাদেশের নাম।
উইজডেন-এমসিসি ক্রিকেট ফটো অব দা ইয়ারের তালিকায় ঠাঁই পেয়েছে বুড়িগঙ্গার পাড়ে কিশোরদের ক্রিকেট ম্যাচের একটি ছবি। শৌখিন আলোকচিত্রী সৈয়দ মাহবুবুল কাদেরের তোলা ছবিটি যৌথভাবে পেয়েছে রানার্সআপ পুরস্কার।
বুড়িগঙ্গার তীরে বেশ কিছু জাহাজ রং করা হচ্ছে এমন একটা জায়গা তোলা হয়েছে ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে একটু খানিক জায়গাতেই তিন কিশোর খেলছেন ক্রিকেট। তারা উইকেট তৈরি করেছে ইট দিয়ে।
সৈয়দ মাহবুবুল কাদের যৌথভাবে রানার্সআপ হয়েছে গেটি ইমেজের আলোকচিত্রী শ্রীলঙ্কার নীলাক্ষী ডি সিলভার সঙ্গে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যশোদা মেন্ডিসের উইকেট উদ্যাপনের ছবি তুলে পুরস্কার পেয়েছেন তিনি।
উইজডেন-এমসিসি ক্রিকেটার অব দা ইয়ারের প্রথম পুরস্কার পেয়েছেন ফিল হ্যাডলি। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের মইসেস হেনরিকুইসের দুর্দান্ত একটি ক্যাচের ছবি ধারণ করে পুরস্কারটি পেয়েছেন তিনি।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয়ী পাচ্ছেন দুই হাজার পাউন্ড অর্থ পুরস্কার। দ্বিতীয় পুরস্কার জয়ী দুজন পাচ্ছেন এক হাজার পাউন্ড করে। আর সেরা দশে থাকা অন্য আট ছবির আলোকচিত্রী পুরস্কার হিসেবে পাচ্ছে ২৫০ পাউন্ড করে।