সাত কোটি টাকা শিক্ষাবৃত্তি দিল পিকেএসএফ

সারা দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত পাঁচ হাজার ৬০৩ জন শিক্ষার্থীকে মাথাপিছু ১২ হাজার টাকা করে মোট ছয় কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

৭২৫ জন বিশেষ জনগোষ্ঠীর শিক্ষার্থীসহ মোট ৩,১০০ ছাত্রী ও ২৫০৩ ছাত্র এ বছর শিক্ষাবৃত্তি পেল।

পিকেএসএফ-এর সহযোগী বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এ বছর সমগ্র দেশ থেকে ৬,৭১৯টি আবেদন জমা পড়ে। ২০১২ সাল থেকে প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে আসছে পিকেএসএফ। গত ৮ বছরে পিকেএসএফ ২০ হাজার ১৩২ জন শিক্ষার্থীকে মোট ২৭ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকা বৃত্তি দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুল করিম।