নাটোরে মোয়াজ্জেম হোসেন খান্নাস নামে ছাত্রলীগের কর্মী হত্যা মামলার রায়ে অভিযুক্ত চারজনকে মৃত্যুদন্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক গত বৃহস্পতিবার বিকেলে এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো নাটোরের লালপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের দুই ছেলে শামীম ও সুজন, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন এবং কৃষ্ণপুর গ্রামের ইসমাইলের ছেলে শুকুর ওরফে বাবু। বাহাদুরপুর গ্রামের আসামি সান্টুকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত চারজনকে একই সঙ্গে দশ হাজার এক টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয় এবং যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামিকে একই পরিমাণ অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তদের মধ্যে শামীম ও শুকুর ওরফে বাবু রায়ের সময় আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে খান্নাসকে উপজেলার হাবিবপুর গ্রামে নিজ বাড়ির সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।