পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে চাই। এছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আমরা প্রস্তাব দিয়েছি। গতকাল শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ ও ভুটানের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে চাই। ভুটান একটি ল্যান্ড লক দেশ। বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়ালে তাদেরই বেশি লাভ হবে। তিনি বলেন, ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আমরা প্রস্তাব দিয়েছি। ভুটানে হাইড্রো বিদ্যুৎ রয়েছে। আমরা সেখান থেকে বিদ্যুৎ নিয়ে আসার জন্য আলোচনা করেছি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। এছাড়া বাংলাদেশ থেকে তারা চিকিৎসক নিতে চান। আমরা বলেছি, বাংলাদেশের চিকিৎসকদের ভালো বেতন দিলে স্পেশাল প্যাকেজের আওতায় তারা ভুটানে যেতে পারেন।