নুসরাত এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক : ফখরুল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

নুসরাতকে পুড়িয়ে হত্যা করা বাংলাদেশের মানুষের জন্য এক কলঙ্কজনক অধ্যায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একজন ছাত্রী তার কলেজের অধ্যক্ষ দ্বারা শ্লীলতাহানির শিকার হওয়ার পর প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন। এটা নির্মমতা, বর্বরতা ছাড়া আর কিছই নয়। সারা দেশের মানুষের মধ্যে আজ প্রতিবাদের ঝড় উঠেছে। মির্জা ফখরুল বলেন, গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে জাতি ও জনগণের প্রত্যাশার প্রতি অবিচার করেছেন। এ সময় তিনি নিজে ও বিএনপির অন্য সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের সাম্প্রতিক সংকটকে কেবল বিএনপির দলীয় সংকট হিসেবে দেখা ঠিক হবে না। এটা গণতন্ত্র উদ্ধারের জন্য সমগ্র দেশের সংকট। বিএনপি যে সংকট মোকাবিলা করছে, একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য এটা কোনো দুরূহ ব্যাপার নয়। জনসাধারণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাধ্যমে এ সংকটের অবসান ঘটাবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তিসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো দলে বা চেয়ারপারসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। হলে তা জাতিকে জানিয়ে দেওয়া হবে। সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জঘন্য মনোভাবের পরিচয় দিয়েছে। দেশবাসীকে নিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।