নুসরাত হত্যাকান্ড

সিরাজের প্রশ্রয়দাতা আ.লীগ নেতাদেরও ছাড় নয় : নাসিম

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রশ্রয় দেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সিরাজ-উদ-দৌলার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘সে জামায়াতে ইসলাম করত। জামায়াতিরাও অপকর্মের কারণে তাকে বহিষ্কার করেছে। দুঃখ লাগে একাধিক আওয়ামী লীগের নেতা তাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। এগুলো হচ্ছে ক্রিমিনাল। এই সমস্ত লোকদেরও খুনির সঙ্গে বিচার করতে হবে। কোনো ছাড়া দেওয়া যাবে না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো প্রকার ফাঁকফোকর না রেখে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হত্যাকারীদের বিচার করেন। এতে মানুষ খুশি হবে। জনগণ আমাদের সাধুবাদ দেবে। কয়েকটা ক্রিমিনাল ছাড়া এমন কোনো লোক নাই যারা এই হত্যার বিচার চায় না।’

বিএনপিকে উপদেশ না দেওয়ার আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘তাদের অনুরোধ করব দয়া করে সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আপনারা নিজেরা যখন ক্ষমতায় ছিলেন, কোনো হত্যার বিচার আপনারা করেন নাই। আমাদের যা কাজ আমরা করছি। আমাদের উপদেশ দেবেন না দয়া করে।’ তিনি বলেন, ‘ওদের সময় তো শিশু হত্যা, নারী হত্যা, ইয়াসমিন হত্যা হয়েছে, একটি বিচারও তারা করেনি। কিন্তু আমরা পরে বিচার করেছি।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘এই যে ফেনী। ফেনী তো সন্ত্রাসের জনপদ। দেখলাম ফেনীতে জন্মগ্রহণ করেছেন খালেদা জিয়া নিজেই। উনি নিজে থাকতেই জ্বালাও-পোড়াও রাজনীতি হয়েছে, বিচার করেননি। আবার সেই ফেনী থেকেই দেখলাম একের পর এক জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে না দাবি তিনি বলেন, ‘আমরা কারও অসুস্থতা নিয়ে রাজনীতি করছি না। বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তিনি সুস্থ থাকুক সেটা আমরা চাই। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।’ বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘২৪ তারিখ থেকে সংসদ বসছে। আপনাদের কথাগুলো সেখানে গিয়ে বলেন। কত কথা আছে বলেন, দাবি করেন, আমরা শুনব। সংসদের বাইরে থেকে আর কতদিন প্রেস ব্রিফিং করবেন, কতদিন আর ঘরের মধ্যে থাকবেন।’ মঙ্গল শোভাযাত্রার বিরোধিতাকারীদের সমালোচনা করে নাসিম বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠী পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে, অথচ তারা কিন্তু নুসরাত হত্যার প্রতিবাদ এখন পর্যন্ত করেনি। এই হচ্ছে তাদের রাজনীতি।’