স্পালের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেলেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি ইউভেন্তুস। দ্বিতীয়ার্ধে খেই হারায় তারা। টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল তুরিনের ক্লাবটির।
শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে ২-১ গোলে হারে ইউভেন্তুস। ম্যাচটিতে হার এড়ালেই সেরি আ শিরোপা নিশ্চিত করতো মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। সেটা আর হলো না।
অবশ্য ম্যাচটি পুরো শক্তির দল নিয়ে খেলেনি ইউভেন্তুস। তিন দিন বাদে চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ। তাই নিয়মিত একাদশের ক্রিস্তিয়ানো রোনালদো-মারিও মানজুকিচের মতো তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেন আল্লেগ্রি।
লিগ শিরোপা ঘরে তুলতে ইউভেন্তুসকে এখন আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন ফিওরেন্তিনার মুখোমুখি হবে দলটি।
স্পালের মাঠে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। জোয়াও কানসেলোর পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েসে কিন।
দ্বিতীয়ার্ধে ব্যবধানটা ধরে রাখতে পারেনি অতিথি দল। দারুণ এক হেডে স্পালকে সমতায় ফেরান ইতালিয়ান সেন্টার-ব্যাক কেভিন বনিফাসি। ৭৪তম মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন স্ট্রাইকার সের্জো ফ্লোক্কারি।
৩২ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ৮৪। ২০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।