ঘাটাইলে গণপিটুনিতে সন্দেহভাজন গরু চোর নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনিতে সন্দেহভাজন এক গরু চোর নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, “রোববার ভোর ৩টার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে গরু চোররা গরু নিয়ে যাওয়ার সময় টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়।

এ সময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। নিহত গরু চোরের পরিচয় জানা যায়নি।

পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।