১১ কোটি টাকার সার আত্মসাৎ: তিনজনের বিরুদ্ধে চার্জশিট

১১ কোটি টাকার সার আত্মসাতের দায়ে বিসিআইসির গুদাম ইনচার্জসহ তিনজনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার কমিশনের সভায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দেওয়া হয় বলে দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- বিসিআইসির আওতাধীন বগুড়ার সান্তাহার বাফার গুদাম ইনচার্জ ও সাবেক উপ-প্রধান প্রকৌশলী নবির উদ্দিন খান, মতিঝিলের মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের নির্বাহী পরিচালক মশিউর রহমান খান ও আদমদীঘি থানার সান্তাহার এলাকার মেসার্স রাজা এন্টারপ্রাইজের মালিক রাশেদুল ইসলাম রাজা।

২০১৭ সালের ২ অক্টোবর আদমদীঘি থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

চার্জশিটে বলা হয়েছে আসামি নবীরউদ্দিন খান ৪১৬১ দশমিক ৫ মেট্রিক টন সার বিক্রি করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪০১ টাকা।