বাংলা নববর্ষ উপলক্ষ দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি, খই, খাজা, বাতাসাসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
গত রবিবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম সিংহের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির নায়েব সুবেদার জিল্লুর রহমান জানান, দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।