মেয়েকে গার্মেন্টসে দিয়ে বাবার অপহরণ নাটক

কক্সবাজার থেকে অপহরণ ও গুম হয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর এক কলেজছাত্রীকে (১৯) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১১ এপ্রিল চট্টগ্রামের মহেরা ইপিজেড এলাকার একটি গার্মেন্টস থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পিবিআই কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান পিবিআইয়ের ওসি মেজবাহ উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে ওসি মেজবাহ উদ্দিন জানান, গত বছরের ২৭ সেপ্টেম্বর কক্সবাজারের কুতুবদিয়ার ওই ব্যক্তি তার কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ ও গুম করার অভিযোগ এনে মামলা করেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ছাত্রীকে গার্মেন্টস থেকে উদ্ধার করে। কলেজছাত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তার বাবা তাকে গার্মেন্টস কারখানায় কাজে দিয়ে গেছেন। উল্লেখ্য, ওই কলেজছাত্রীর বাবার সঙ্গে উপজেলার বড়ঘোপ ৬ নম্বর ওয়ার্ডের মৃত লেদু মিয়ার ছেলে আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল।