পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাহানারা বেগম শানুর অপসারণ দাবিতে মানববন্ধন হয়েছে।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ ভিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এলাকার ইউপি চেয়ারম্যান, সদস্যসহ কয়েক শ নারী-পুরুষ এতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদারসহ ইউপি সদস্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শা নামের এক সুবিধাভোগী নারীকে জুতাপেটা করেন শাহানারা বেগম। বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেন। এসব আইনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত নারী ইউপি সদস্য শাহানারা বেগম জানান, চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালান হচ্ছে।