নুসরাতের ভিডিও প্রচার

সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ধারণ ও তা ফেইসবুকে প্রচারের অভিযোগে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

গতকাল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৬, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেন। মামলার আরজিতে বলা হয়, আইনবহির্ভূতভাবে ভুক্তভোগী নুসরাতের বক্তব্য ভিডিও করেন পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম। পরে সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়।

ফেইসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মীরা। তাদের মতে, ভিকটিমের এ ধরনের ভিডিও ধারণ অপরাধের মধ্যে পড়ে। অভিযোগকারীর বক্তব্য কেউ আইন না মেনে ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেমের বক্তব্য পাওয়া যায়নি।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা যান নুসরাত। কয়েকজন তাকে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে করা মামলা তুলে নিতে চাপ দেন। তিনি অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ, পৌর কাউন্সিলর মাকসুদ আলমসহ আটজনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর গত ১০ এপ্রিল সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত করা হয়।