হাইকোর্টের মন্তব্য

পবিত্র শবেবরাতকে মামলার বিষয়বস্তু করা ঠিক নয়

হাইকোর্ট বলেছে, পবিত্র শবেবরাত ধর্মীয় স্পর্শকাতর ইস্যু, এটি মামলার বিষয়বস্তু বানানো ঠিক হবে না। ২০ এপ্রিল দিবাগত রাতে শবেবরাত ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়েরের অনুমতিবিষয়ক শুনানিতে গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলে।

পবিত্র শবেবরাতের তারিখ নিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লামা আবুল বাশার মোহাম্মদ রুহুল হাসানসহ ১০ আলেম। এ সংক্রান্ত রিট আবেদনটি আদালত গ্রহণ না করে আবেদনকারীদের কাছে এ বিষয়ে যে তথ্য-উপাত্ত আছে তা ইসলামিক ফাউন্ডেশনে লিখিত আকারে জমা দেওয়ার মৌখিক আদেশ দিয়েছেন। একই সঙ্গে ওই আবেদন ইসলামিক ফাউন্ডেশন যেন গ্রহণ করে সে বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদন দায়েরের জন্য অনুমতিপ্রত্যাশীদের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘শবেবরাতের তারিখ নির্ধারণ চেয়ে আবেদনটি করা হয়েছিল। আদালত আবেদনটি গ্রহণ না করে বলেছে, এটি একটি ধর্মীয় সংবেদনশীল বিষয়। একে মামলার বিষয়বস্তু করা ঠিক হবে না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তের কথা বলেছে আদালত।’

তিনি বলেন, ‘আবেদনকারীদের বক্তব্য ও তথ্য-উপাত্ত লিখিত আকারে ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। যদি তারা আবেদনটি বিবেচনা না করে, তাহলেই কেবল আদালতের দারস্থ হওয়ার কথা বলেছে হাইকোর্ট।’

এর আগে পবিত্র শাবান মাসের তারিখ ঘোষণাকে ভুল আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে গত ১৩ এপ্রিল আইনি নোটিশ পাঠান এই ১০ ব্যক্তি। নোটিশের জবাব না পাওয়ায় গতকাল তারা হাইকোর্টে আবেদন করেন।

গত ৬ এপ্রিল বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ ঘোষণা পর বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে ২০ এপ্রিল দিবাগত রাতে শবেবরাত অনুষ্ঠিত হওয়া উচিত।

এমন পরিস্থিতিতে গত ১৩ এপ্রিল চাঁদ দেখা কমিটি বিশেষ সভা আহ্বান করে। বৈঠকে শবেবরাতের তারিখ নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয় এবং শবেবরাত কবে পালিত হবে, তা ওই কমিটি আগামী ১৭ এপ্রিল (আগামীকাল) জানাবে বলে সিদ্ধান্ত হয়।