চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাজ করার সময় মাটি চাপা পড়ে আব্দুল হান্নান (৪৫) ও বাবু মন্ডল (৫০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শেখ ব্রিকসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালা চাঁদ মন্ডলের ছেলে ও বাবু মন্ডল একই উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত লাল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দামুড়হুদা উপজেলার শেখ ব্রিকসে কাজ করছিলেন প্রায় অর্ধশত শ্রমিক। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে স্তুপ করে রাখা মাটির একটি অংশ ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দুইজন শ্রমিক। গুরুতর আহত হয় আরও তিনজন।
স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ইটভাটার মালিক পলাতক রয়েছেন। পরবর্তী নির্দেশনা পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। কমিটির অন্য দুই সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও দামুড়হুদা মডেল থানার ওসি।
তবে ইটভাটাটি অনুমোদিত কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি জেলা প্রশাসক।