রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেনের উদ্বোধন ২৫ এপ্রিল

রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ আগামী ২৫ এপ্রিল চালু হচ্ছে। এদিন সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম আমাকে জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

মেয়র জানান, প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রথম দিন সকাল সাতটার পরিবর্তে সকাল ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। অন্যান্য দিন যথারীতি সময়সূচি অনুযায়ী চলবে।

মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালুকরণ। ট্রেনটি অনুমোদন দেওয়ায় তিনি রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন।

উল্লেখ, রাজশাহী-ঢাকার মধ্যে প্রথম বিরতিহীন ট্রেনের ‘বনলতা এক্সপ্রেস’ নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। ১২টি বগি নিয়ে ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। নতুন ট্রেন সার্ভিসে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে। রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। আবার একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে বেলা দেড়টায়। রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়।