একটি মাত্র অভ্যাসের গুণে আপনি হয়ে উঠবেন সফল মানুষ

একটি মাত্র অভ্যাসই আপনার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে আসতে পারে। লিডারশিপ বিষয়ে ভারতের জনপ্রিয় বক্তা ও লেখক রবিন শর্মা তার নতুন বই দ্য ফাইভ এএম ক্লাব বইয়ে এমন একটি অভ্যাসের কথা জানিয়েছেন পাঠকদের জন্য।

ইতিমধ্যে দ্য ফাইভ এএম ক্লাব বিক্রি হয়েছে দেড় কোটিরও বেশি কপি। অন্তত ৯২ ভাষায় অনূদিত হয়েছে বইটি। 

রবিন শর্মা বইটিতে বলেন, ভোরের আলো ফোটার আগের মুহূর্তটি অত্যন্ত প্রশান্তির। এই সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অতএব কোনোভাবে এটি হাতছাড়া করা উচিত হবে না। কারণ এতে আছে সাফল্যের মূলমন্ত্র।

সময়টিকে এক ঘণ্টা হিসাব করে সমান তিন ভাগে ভাগ করেছেন তিনি। প্রতি ভাগে ২০ মিনিট সময় বেঁধে দিয়ে নির্ধারণ করে দিয়েছেন একটি রুটিনও। রবিন এর নাম দিয়েছেন ফাইভ এএম ফর্মুলা।

শারীরিক ব্যায়ামের মাধ্যমে প্রথম ভাগটি কাজে লাগাতে হবে। দ্বিতীয় ভাগে আছে নামাজ, ধ্যান বা দিনের রুটিন ঠিক করে রাখা। শেষ ভাগে আছে কিছু পড়া বা কোনো ভিডিও দেখা বা কোনো অডিও শোনা। 

এ ফর্মুলার প্রভাব সম্পর্কে সংবাদ সংস্থা আইএএনএস রবিন বলেন, “গত ২০ বছর ধরে মানুষকে আমি এই ফর্মুলা শিখিয়ে যাচ্ছি। এটি শুধু ভোর পাঁচটা ঘুম থেকে ওঠা নয়, এতে আছে নির্দিষ্ট রুটিন।”

তিনি বলেন, “আমার মক্কেলদের মধ্যে অনেকেই আছেন যারা বিলিয়নিয়ার, তারকা খেলোয়াড়, সেলিব্রেটি, বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তাদেরও আমি এ ফর্মুলা শিখিয়েছি।”