জুয়া খেলায় বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা, ৬ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িযার বাঞ্ছারামপুরে মেলায় জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে জুয়াড়িদের হামলায় ৬ পুলিশ আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আহতরা হলেন-বাঞ্ছারামপুর মডেল থানার এ.এস.আই মো. নাজমুল হক, শামীম আহম্মেদ, পি.এস.আই মো. ইফতেহার হোসেন মুন্সী।

আহতদের মধ্যে উপসহকারী পরিদর্শক  নাজমুল হক ও পি.এস.আই ইফতেখার হোসেন মুন্সীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি ব্রিজ সংলগ্ন পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বটতলায় প্রতি বছরের মতো মঙ্গলবার সকালে মেলা বসে। মেলায় পূর্বহাটি ও ফরদাবাদ গ্রামের একদল যুবক জুয়ার আসর বসায়।

এই খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। পরে জুয়াড়ি ও তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় তাদের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়।

এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বহাটি মাঠে জুয়া হচ্ছে এই খবর পেয়ে একদল পুলিশ সেখানে গেলে একদল জুয়াড়িরা এসময় পুলিশের উপর হামলা চালিয়ে ৬জনকে আহত করে। পুলিশের উপর জুয়াড়িদের হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। হামলাকারী জুয়াড়িদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে ফরদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ সেলিম বলেন, পূর্বহাটি গ্রামে মেলায় জুয়া খেলায় পুলিশ বাধা দিলে জুয়াড়িদের হামলায় ৬ পুলিশ আহত হয়। বিষয়টি খুবই দুঃখজনক।