প্রধান শিক্ষকের অপসারণ দাবি পরীক্ষা বর্জন

শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন, মাসিক বেতন, পরীক্ষার ফিসহ নানা খাতে বিনা রসিদে অতিরিক্ত অর্থ আদায়, প্রাইভেট না পড়লে নাম্বার কম দেওয়ার হুমকিসহ নানা অনিয়মের প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ ও বিদ্যালয়ের টিউটোরিয়াল পরীক্ষা বর্জন করে। এ সময় ওই স্কুল মাঠে কয়েকশ ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে অংশ নেয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন। আমি নিয়ম মেনেই সব কিছু করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘এ বিষয়ে শুনেছি। আমার কাছে এক ছাত্র অভিযোগ দিয়েছে। আমি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া দুটি চিঠি পেয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’