কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছুরিকাহত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ওই নারীকে হত্যা করে তার স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাগেশ্বরীর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নাগেশ্বরী পৌর এলাকার পূর্ব পায়ড়াডাঙ্গা সেনের খামার এলাকায় গত সোমবার গভীর রাতে স্ত্রী রাহেলা বেগমের বুকে ছুরিকাঘাত করে তাকে খুন করে স্বামী ইসলাম মিয়া। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে ইসলাম মিয়া। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি জাকিরউল ইসলাম বলেন, সোমবার রাতে ঝড়ের সময় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত রাহেলার ভাই আবু তালেব বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা করেছেন। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।