লক্ষ্মীপুরে ৩ নারীকে সংবর্ধনা দিল পুলিশ

জাতীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় লক্ষ্মীপুরের তিন কৃতী নারীকে সম্মাননা দিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর পুলিশ লাইনস মাঠে গত সোমবার রাতে তাদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার, নাট্যাভিনেত্রী হুমায়রা হিমু ও ভ্রমণপিপাসু নাজনীন আক্তারের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এস এম রোকন উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ আহম্মদ। ওই তিন নারী লক্ষ্মীপুরের বাসিন্দা।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম, মিল্ক ভিটার সাবেক পরিচালক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালেহউদ্দিন টিপু প্রমুখ।