হোমওয়ার্ক করে না আনায় নারায়ণগঞ্জে ইংরেজি মাধ্যমের একটি স্কুলের এক ছাত্রকে ৭৩ বেত্রাঘাত করায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চেইঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা আলোচনার মাধ্যমে অভিযুক্ত শিক্ষক নাজমুলকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেন।
১৬ এপ্রিল দুপুরে স্কুলের চাঁদমারি ক্যাম্পাসে আইসিটি বিষয়ে হোমওয়ার্ক করে না আনায় ৭ম শ্রেণির ছাত্র সৈকত কুমার পালকে ৭৩ টি বেত্রাঘাত করে আহত করা হয়েছিল। ওই ঘটনায় আহত শিক্ষার্থীকে শহরের খানপুর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ খুব গুরুত্বসহকারে নেয়। পরে স্কুলের ৩ জন পরিচালক, অভিভাবক ও শিক্ষকদের যৌথ সিদ্ধান্তে আইসিটি শিক্ষক নাজমুলকে বহিষ্কার করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তে নির্যাতিত শিক্ষার্থীর পিতা সুরিথ পাল সন্তুষ্টি প্রকাশ করেন।
আহত শিক্ষার্থী সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল জানান, ওই শিক্ষক হয়তো মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। কারণ, কোন সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। তাই এখন আর অন্য কোন স্টেপ নেব না।
স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জিএম ফারুক দেশ রূপান্তরকে জানান, ‘আমাদের স্কুল যখন ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ওই সময় থেকেই আমাদের বাচ্চাদের গায়ে হাত তুলে শাসন করতে শিক্ষকদের নিষেধ করা হয়। এই নিষেধাজ্ঞা থাকার পরেও কালকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।’