ফরিদপুরে বিস্ফোরক আইনে করা মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ওই দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নাহিদ মোল্লা (২২) ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩৫)। ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেলে নাহিদ মোল্লাকে ভাঙ্গা বাজার এলাকা থেকে হাত বোমা ও জেহাদি বইসহ গ্রেপ্তার করে ভাঙ্গা থানার পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ওই দিন রাত ৯টার দিকে সদরপুরের আলমনগর থেকে পিস্তল, বন্দুক, গুলি ভর্তি ম্যাগাজিন, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় ফরিদ মৃধাকে।