রুবেলের টার্গেট সেরা পাঁচ

  ২০১১ বিশ্বকাপে সাত ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। ২০১৫ বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৭টি। ইংল্যান্ডে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রুবেল হোসেন। আর এই ফাস্ট বোলার নিজেকেই ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। আগের দুই বিশ্বকাপের পারফরম্যান্সকে এবার ছাড়িয়ে যেতে চান। ইংল্যান্ডের আসরে সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার টার্গেট ঠিক করেছেন ভিন্ন অ্যাকশনের সিমার।

‘আমার স্বপ্ন থাকবে যেন বিশ্বকাপে পাঁচজনের মধ্যে থাকতে পারি। আমাদের নয়টি খেলা আছে। সুতরাং আমাদের সুযোগটি বেশি।’ গতকাল রুবেল বলছিলেন, ‘কারণ বড় বড় দল সবার সঙ্গে আমাদের খেলা আছে। আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি অথবা সেভাবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’

বাংলাদেশের বোলিং আক্রমণে সামনে থেকে লড়তে হবে ২৯ বছরের রুবেলকে। ক্যারিয়ারটা দীর্ঘদিনের। অভিজ্ঞতা অনেক। ৯৬ ওয়ানডেতে ১২২ উইকেট। সেরা ২৬ রানে ৬ উইকেট। নিজের দিনে রুবেল ম্যাচ উইনার। সব ফরম্যাট মিলে ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সাফল্য অবশ্য ৫০ ওভারে ক্রিকেটে বেশি। এখন ইনজুরি সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টায়। ঢাকা লিগের শেষ ছয়ে আবাহনীর খেলোয়াড়ের খেলা হচ্ছে না। তবে সেটা তাকে অত ভাবাচ্ছে না। হাতে সময় আছে।

দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় দায়িত্ব নিতে মুখিয়ে, ‘দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। ইংল্যান্ডের কন্ডিশনে আসলে আমরা অনেক খেলেছি। আমরা খুব ভালোভাবেই জানি যে ওখানকার কন্ডিশনে আমাদের কী করতে হবে, বিশেষ করে বোলারদের।’ চেষ্টার সর্বোচ্চটা দিতে পিছিয়ে পড়ার মানুষ নন রুবেল। সেটাই যেন নিজেকে আরও একবার স্মরণ করিয়ে দিলেন, ‘এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। বিশ্বকাপে যখন ম্যাচ খেলার সুযোগ পাব তখন আপ্রাণ চেষ্টা থাকবে। ওই ম্যাচটিতে যেন আমি ভালো বোলিং করতে পারি, দলের জন্য যেন ভালো কিছু করতে পারি।’

গতিময় বোলিংয়ের জন্য সুনাম আছে তার। সেই গতিকে ব্যবহারের প্রসঙ্গে রুবেল জানালেন, ‘ওই ধরনের কন্ডিশনে জোরে বোলিং করা একটি ফ্যাক্ট। তবে আমি নিজের কাছে নিজেই চ্যালেঞ্জ হিসেবে নেই সবসময়।’

গেল বিশ্বকাপে তার সঙ্গে অনুজ সতীর্থ তাসকিন আহমেদের বেশ ভালো একটা জুটি গড়ে উঠেছিল। এরপর দুজন মিলে অনেক প্রতিপক্ষকে ভালোভাবে সামলেছেন। তাসকিন চোট থেকে সেরে উঠে পুরো ফিটনেস না পাওয়ায় বিশ্বকাপের দলে জায়গা পাননি। ‘তাসকিন আমার কাছের একজন ছোট ভাই। তাকে আমি অনেক স্নেহ করি। সে অনেক ভালো বোলার।’ দল গড়া নির্বাচকদের ব্যাপার জানিয়ে তাসকিনের জন্য সহমর্মিতা প্রকাশ করলেন রুবেল, ‘অবশ্যই আমার খারাপ লাগছে (তাসকিন না থাকায়)। সে বিপিএলটি অনেক ভালো খেলেছিল, ইনজুরিতে পড়েছে আবার। আসলে এটি ব্যাড লাক ওর জন্য।’