পবিত্র শবেবরাত উপলক্ষে কম খরচে স্বল্প সময়ে বানানো যায় এমন রুটি ও হালুয়ার রেসিপি দিলেন নাদিয়া নাতাশা
ব্রেড চকলেট লেয়ার হালুয়া
উপকরণ
পাউরুটি ৫ পিস, ঘন দুধ ২ কাপ, চিনি ১ কাপ, কোকো পাউডার ২ চা চামচ, এলাচ ২টা, দারুচিনি ২ টুকরা, ঘি আধা কাপ, বাদাম সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পাউরুটি ভালো করে সেঁকে নিন। এবার শক্ত হলে গুঁড়া করে রাখুন।
২. ফ্রাইপ্যানে ঘি চিনি দুধ দিয়ে নাড়ুন। চিনি গলে গেলে পাউরুটি গুঁড়া দিয়ে নাড়ুন।
৩. এভাবে অল্প অঁচে সময় নিয়ে নাড়তে থাকুন। আর একটু একটু ঘি দিন।
৪. ঘন হয়ে এলে নামিয়ে দুভাগ করে নিয়ে অর্ধেকটাতে কোকো পাউডার মিশিয়ে রাখুন।
৫. এবার ঘি ব্রাশ করা ট্রেতে প্রথম সাদা মিশ্রণ দিয়ে, তার ওপর চকলেট মিশ্রণ দিয়ে দিন।
৬. ঠাণ্ডা হয়ে জমে গেলে কেটে চারকোনা করে, বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
বোম্বে-করাচি লেয়ার বরফি
উপকরণ
কর্ন ফ্লাওয়ার ১কাপ, চিনি ১ কাপ, পানি ১ কাপ, কাজু বাদাম সিকি কাপ, কাঠ বাদাম ৬টা, ঘি ১০০ গ্রাম, সবুজ ও হলুদ রং মেলানো তিন চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. পানি ও চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে সিরা তৈরি করে রাখুন।
২. এবার আঁচ কমিয়ে ১ কাপ ঠাণ্ডা পানিতে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে সিরাতে মিশিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন।
৩. নাড়ার মধ্যেই ১ চা চামচ করে ঘি দিন, এভাবে সময় নিয়ে রান্না করুন।
৪. বাদাম ছোট করে কেটে রাখুন। মিশ্রণটি ঘন হয়ে আসতে থাকলে বাদাম ও রং দিন।
৫. কিছুক্ষণ পর নামিয়ে ট্রেতে ঘি ব্রাশ করে মিশ্রণটি দিয়ে ঘন হয়ে ঘি ছাড়তে শুরু করলে নামিয়ে দুভাগ করে দুই রং মেশান। এবার ট্রেতে প্রথমে এক রঙের অর্ধেকটা দিয়ে আবার অন্য রঙের অধের্ক দিয়ে দিন। একই ভাবে আবার দিন।
৬. এখন ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টার জন্য ঠাণ্ডা হলে ইচ্ছেমতো আকারে কেটে পরিবেশন করুন মজার স্বাদের বোম্বে করাচি লেয়ার বরফি।
লাচ্ছা সেমাইয়ের বরফি
উপকরণ
লাচ্ছা সেমাই ১ প্যাকেট, গুঁড়াদুধ আধা কাপ,
কনডেন্স মিল্ক এক কাপের চার ভাগের তিন কাপ, বাদাম সিকি কাপ,
চেরি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ,
কমলা রঙের খাবার রং সামান্য।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে ঘি দিয়ে গরম হলে তাতে সেমাই ভালো করে ভেজে রাখুন।
২. এবার তাতে গুঁড়াদুধ, ফুড কালার দিয়ে একটু নেড়ে কনডেন্স মিল্ক দিয়ে চুলার অঁাঁচ কমিয়ে ভালো করে নেড়ে নিন কয়েক মিনিট।
৩. নামিয়ে গরম থাকতেই ইচ্ছামতো আকারে তৈরি করে নিন। বাদাম কুচি ও চেরি কুচি দিয়ে সাজিয়ে নিন।
তাওয়া নানরুটি
উপকরণ
ময়দা ৩ কাপ, খাবার সোডা ২ চা চামচ, টকদই ১ কাপ, চিনি ২ চা চামচ, লবণ আধা কাপ, তেল ২ টেবিল চামচ, পানি ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে খামির তৈরি করুন।
২. বানানো খামির ঢেকে রাখুন ৩০ মিনিট। ৩০ মিনিট পর ভালোভাবে ময়ান দিয়ে তা দিয়ে রুটি বেলে রাখুন।
৩. তাওয়া গরম করে রুটির একপাশে হালকা করে পানি লাগিয়ে তাওয়াতে দিয়ে দিন। তাতে রুটিটা তাওয়াতে লেগে থাকবে।
৪. এবার রুটি ফুলে গেলে তাওয়া উল্টে আগুনের ওপর ধরতে হবে, তাতে ওপরের অংশে সুন্দর রং আসবে।
৫. এবার তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
সুজি তিলের বরফি
উপকরণ
সুজি ১ কাপ, তিল আধা কাপ, ঘি আধা কাপ, পানি ২ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া সামান্য,
গুঁড়া দুধ আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে সুজি ও তিল টেলে নিন।
২. পানি ও চিনি মিশিয়ে চুলায় জ¦াল দিন। চিনি মিশে গেলে সুজি ও দুধ দিয়ে দিন।
৩. সুজি সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে তাতে তিল ও ঘি দিয়ে অল্প অঁাঁচে নাড়তে থাকুন।
৪. মিশ্রণটি একদম ঘন হলে নামিয়ে ঘি ব্রাশ করা পাত্রে ঢেলে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন।
তরমুজ-ছানার লেয়ার বরফি
উপকরণ
ছানা ১ কাপ, চিনি আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, তরমুজ কুচি ২ কাপ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, ঘি ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে সামান্য ঘি দিয়ে ছানা ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে ছানার মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন কম অঁাঁচে।
২. এবার ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে ছড়িয়ে দিয়ে সমান করে নিন।
৩. তরমুজ কুচি ব্লেন্ডারে জুস করে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে জ্বাল দিন। একটু ঘন হয়ে এলে তাতে কর্ন ফ্লাওয়ার ঠা-া পানিতে গুলে দিয়ে দিন।
৪. ভালো করে নাড়তে থাকুন, বাকি ঘি টুকু দিয়ে। ঘন হলে চুলা থেকে নামিয়ে ছানার মিশ্রণের ওপর ছড়িয়ে দিয়ে সমান করে দিন।
৫.ঠাণ্ডা হলে ইচ্ছেমতো আকার অনুযায়ী কেটে নিন।
কাজু বাদাম সুজির বরফি
উপকরণ
সুজি ১ কাপ, কাজু বাদাম আধা কাপ, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, কনডেন্স মিল্ক আধা কাপ, কমলা রঙের খাবার রং এক চিমটি, এলাচ ২ টা, দারুচিনি ১ টুকরা, ডিম ১টা, ঘি আধা কাপ, পানি সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. কাজু বাদাম বেটে রাখুন, সুজি তাওয়ায় হালকা টেলে নিয়ে পানি দিয়ে ফুটতে দিন।
২. সুজি ফুটে গেলে চুলা থেকে নামিয়ে ঠা-া করে তাতে ডিম ফেটে দিন।
৩. কনডেন্স মিল্ক, চিনি, ঘি, এলাচ-দারুচিনি, কালার ও কাজু বাটা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন।
৪. মিশ্রণটি যখন ঘন হয়ে ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিন।
৫.একটু ঠান্ডা হলে ছাঁচে বরফি তৈরি করুন।
পালং বিটের ছিটে রুটি
উপকরণ
চালের গুঁড়া ৩ কাপ, পানি ১ কাপ, পালং কুচি ১ কাপ, বিট কুচি ১ কাপ, লবণ সিকি চা চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পানি হালকা কুসুম করে তাতে চালের গুঁড়া ও লবণ মিশিয়ে দিন।
২. এবার পালং শাকের সঙ্গে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেকে নিন।
৪. বিট কুচিও সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ছেকে রাখুন।
৫. চালের গুঁড়ার মিশ্রণটি দুভাগ করে তাতে একটাতে পালং শাকের মিশ্রণ মিশিয়ে নিন। আরেকটাতে বিটের মিশ্রণ। রং যেমন চাইবেন ঠিক ততটুকুই মেশাবেন।
৬. এবার ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে মিশ্রণটি পুরো প্যানে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে চারপাশ থেকে খুলে এলে কাঠের চামচ দিয়ে আস্তে করে ভাঁজ করে তুলে গরম গরম পরিবেশন করুন।
রুমালি রুটি
উপকরণ
ময়দা আধা কেজি, ডিম ১টি, চিনি ২০ গ্রাম, গুড়া দুধ দুই চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ এক চা চামচ, ঘি বা তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. তেল বাদে সব উপকরণ পরিমাণমতো পানির সঙ্গে একসঙ্গে মেখে রুটির ডোর মতো ডো তৈরি করে নিন।
২. এবার ডো পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন।
৩. রুটি বেলে হাত দিয়ে টেনে টেনে পাতলা বড় রুটি তৈরি করুন।
৪. এবার লোহার কড়াইয়ে চুলায় গরম করে রুটি সেঁকে নিন।
৫. গরম গরম পরিবেশন করুন হালুয়া কিংবা ঝাল মাংসের সঙ্গে।
মিষ্টি আলুর বরফি
উপকরণ
মিষ্টি আলু সেদ্ধ ২ কাপ, মাওয়া ১ কাপ, ঘি আধা কাপ, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, খাবার লাল রং এক চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেদ্ধ করা আলু ভালো করে কিছুক্ষণ নেড়ে রান্না করার পর চিনি ও মাওয়া দিয়ে দিন।
২. সামান্য খাবার লাল রং দিন। অল্প আঁচে কিছু সময় রান্না করুন, যতখন না মিশ্রণটি ঘন হয়ে আসে।
৩. ঘন হলে নামিয়ে ঘি ব্রাশ করা প্যানে ঢেলে সমান করে দিন।
৪. ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।
ছোলার ডাল নারকেলের বরফি
উপকরণ
ছোলার ডাল ২৫০ গ্রাম, নারকেল বাটা ১ কাপ, চিনি ২৫০ গ্রাম, ঘি ৫ টেবিল চামচ, ছোট এলাচ গুঁড়া আধা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ডাল ভালোভাবে ধুয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রাখুন। সেদ্ধ ডাল ঠা-া হলে ভালোভাবে পেস্ট করে নিন।
২. চুলায় কড়াই গরম হলে তাতে ঘি দিন। গরম ঘিয়ে ডালের পেস্ট ও নারকেল বাটা, চিনি ঢালুন। ভালোভাবে রান্না করুন। পানি শুকিয়ে এলে এলাচ গুঁড়া ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে রাখুন।
৩. একটা উঁচু থালায় ঘি মাখিয়ে মিশ্রণটি ঘি মাখানো থালায় ছড়িয়ে দিন।
৪. এরপর সেটিকে ছুরি দিয়ে বরফির আকারে কাটুন ও ঠাণ্ডা হলে থালা থেকে তুলে পরিবেশন করুন।