শুক্রবার যৌথ সভায় দিকনির্দেশনা দেবেন শেখ হাসিনা

সোনাগাজীর আ.লীগ নেতাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে

কাউন্সিলের আগেই শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে হত্যার ঘটনার সন্দেহভাজন কয়েকজনের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সংশ্লিষ্টতা থাকা নিয়ে সমালোচনায় সত্যতা খুঁজতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা দেশ রূপান্তরকে বলেছেন, নির্বাচনের আগেও তৃণমূল থেকে দলীয় সভাপতির কাছে এবং কেন্দ্রে অভিযোগ এসেছেÑ এমপিসহ দলের প্রভাবশালীরা বিগত বছরগুলোতে আওয়ামী লীগে নতুন করে যোগ দেওয়াদের প্রাধান্য দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ও স্থানীয় নেতার প্রভাব দেখিয়ে নানা ধরনের অপকর্ম করছে। এদেরকে হাইব্রিড বলে অভিযোগ করেছেন

তৃণমূলের নেতারা। সম্প্রতি সোনাগাজীর ঘটনায় অধ্যক্ষ সিরাজকে বাঁচাতে আওয়ামী লীগ নেতার জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর প্রধানমন্ত্রী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া দলের সব সাংগঠনিক সম্পাদককে তৃণমূল থেকে দলে নতুন যোগ দেওয়া এবং তাদের বিতর্কিত কর্মকান্ড খতিয়ে দেখতে বলেছেন।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, উপজেলা নির্বাচনে হাইব্রিডদের প্রশ্রয় দেওয়া এবং দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া নিয়ে ৫৪ এমপির ওপর ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল দলের যৌথ সভায় কাউন্সিল এবং দলীয় নেতৃত্ব নিয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রাধান্য পাবে শুদ্ধি অভিযানের বিষয়টি।

 প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ফলে সুবিধা নিতে বিগত কয়েক বছরে বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন অনেকেই। আবার তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সিনিয়র নেতারা অনেকেই নিজেদের পক্ষ ভারী করতে দলের ত্যাগী নেতাদের শায়েস্তা করতে নতুনদের দলে টেনেছেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়েছেন। বছরগুলোতে বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের তালিকা তৈরি করে যাচাই-বাছাই করা হচ্ছে। শুদ্ধি অভিযান শুরু হবে। তিনি বলেন, ফেনীর ঘটনায় খতিয়ে দেখতে একটি টিম সেখানে যাবে। যদি আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা থাকে তবে কাউকে ছাড়া হবে না। নেতৃত্বে পরিবর্তন আসবে।

 ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা আগামী শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দলটির রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হবে। আওয়ামী লীগের ভেতর ভিন্ন দল থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের ব্যাপারে উদ্বেগ বাড়ছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, এ সভায় দলের আগামী সম্মেলনসহ অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, নুসরাত জাহান হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত স্থানীয় একজন আওয়ামী লীগ নেতাকে সোমবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ বলেছে, প্রধান অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও হালে তিনি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকে বলেছেন, ক্ষমতার সুবিধা নিতে বিভিন্ন দল থেকে যোগদানকারীর সংখ্যা উদ্বেজনক হারে বাড়ছে। সোনাগাজী আওয়ামী লীগের নেত্রী মর্জিনা আকতার বলেন, সাবেক জামায়াত নেতা সিরাজ-উদ-দৌলা স্থানীয় আওয়ামী লীগের দু-একজনের সঙ্গে যোগসাজশ করে চলত। কিন্তু এখন পরিস্থিতি আওয়ামী লীগকেই অস্বস্তিতে ফেলেছে বলে তিনি মনে করেন।