উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন

গাজীপুরে উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে কলেজপড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শারমিন আক্তার লিজা (১৮) কোনাবাড়ীর ক্যামব্রিজ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি আমবাগ ঈদগাহ মাঠ এলাকার মো. শফিকুল ইসলামের মেয়ে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানিয়েছেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা এলাকার লিংকন কলেজের ছাত্র মোস্তাকিম রহমানকে (১৯) হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। সে সদর থানার সালনা জালা মার্কেট এলাকার আবুল কাসেমের ছেলে। লিজাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে শারমিন আক্তার লিজা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে কোনাবাড়ি কাঁচাবাজার এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা মোস্তাকিম তার গতিরোধ করে তাকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে সে লিজার পেটে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় লিজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছুরিসহ মোস্তাকিমকে হাতেনাতে ধরে ফেলে।