নুসরাত হত্যায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধান চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, আবেদনে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করা ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউনুছ আলী আকন্দ আরও জানান, রিট আবেদনে সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যা, নারায়ণগঞ্জের ত্বকী, কুমিল্লার সোহাগী জাহান তনু এবং পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও সোনাগাজীর ওসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (বর্তমানে বরখাস্ত) সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলার পর রোষানলে পড়েন আলিম পরীক্ষার্থী নুসরাত। গত ৬ এপ্রিল সকালে পরীক্ষার দিন নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানিতে উঠে এসেছে কারাগারে থাকা সিরাজের নির্দেশে এ হত্যাকাণ্ড হয়েছে।