মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক মুক্তিযোদ্ধা। এছাড়া বরিশাল, ঝিনাইদহ, চট্টগ্রামের সীতাকু- ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর
মেহেরপুর : সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে ট্রাকচাপায় মারা যান মুক্তিযোদ্ধা আত্তাব আলী মাস্টার। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই। একই ঘটনায় গুরুতর আহত আত্তাব আলীর স্ত্রী হালিমা খাতুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুল শিক্ষিকা হালিমা খাতুন মুজিবনগরে শপথ নেওয়া বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভাকে গার্ড অব অনার দেওয়া দলটির আনসার সদস্য মহিনউদ্দিনের মেয়ে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা দেশ রূপান্তরকে জানান, আত্তাব আলী ও তার স্ত্রী মেহেরপুর থেকে মোটরসাইকেলে মুজিবনগর যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আত্তাব আলী। এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
বরিশাল : উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় লামিয়া আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া গুঠিয়া নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে গাবতলা এলাকার খায়রুল সিকদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সোহেল সরদার জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে বানারীপাড়াগামী সেবা পরিবহনের একটি বাস লামিয়াকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ধাওয়া করে বাসটি আটক করে। কিন্তু এর আগেই চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটির চালকের শাস্তি দাবিতে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকা প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চুকইতলায় ট্রাকচাপায় উজ্জ্বল বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। কালীগঞ্জ সড়কের চুকইতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মুনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে সদর উপজেলার শিকারপুর গ্রামের দিলিপ বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, দুপুরে উজ্জ্বল বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে সে মারা যায়। এ ঘটনায় ট্রাকটির চালক আফছার মিয়া ও তার সহকারী চঞ্চলকে আটক করেছে পুলিশ।
সীতাকু- (চট্টগ্রাম) : সীতাকুন্ডে ট্রাকের চাপায় মহসিন হাজরা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহসিন হাজরা চাঁদপুরের সদর উপজেলার লালপুল এলাকার ইসমাইল হাজরার ছেলে। তিনি পারটেক্স বেভারেজ লিমিটেডের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
সীতাকু-ের কুমিরা হাইওয়ে থানার ওসি মো. আবদুল্লাহ জানান, সড়কের পাশের বিভিন্ন দোকান থেকে পণ্য সরবরাহের চাহিদাপত্র নিচ্ছিলেন মহসিন। তখন চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহসিনের। এ দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে একটি গরুবোঝাই ভটভটি (শ্যালো মেশিনচালিত যান) খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নদজোয়াড়ী গ্রামের সেলিমউদ্দিন (৪০) এবং পাশের গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৬০)।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, আহম্মেদপুর থেকে একটি গরুবোঝাই বড় ভটভটি মৌখাড়া হাটের দিকে যাচ্ছিল। পথে মৌখাড়া হাটের পশ্চিম পাশে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ভটভটির চালকসহ সাতজন আহত হন। পরে তাদের মধ্যে মোহাম্মদ আলী ও সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।