সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মুজিবনগর সরকারের শপথগ্রহণের দিনটি স্মরণে গতকাল বুধবার নানা কর্মসূচি নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানম-িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারাও পুষ্পস্তবক অর্পণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল জেলা-উপজেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
গতকাল সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে এই সরকারের সদস্যরা শপথ নেন। এটি ঐতিহাসিকভাবে মুজিবনগর সরকার নামে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ এই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।