রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই নুসরাতকে প্রাণ দিতে হয়েছে : ফখরুল

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই নুসরাতকে প্রাণ দিতে হয়েছে।  সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘জিয়া শিশু একাডেমী’র উদ্যোগে দশম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি-২০১৮’-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা কেন হিংসা, প্রতিহিংসা, বিদ্রুপ, হত্যাযজ্ঞের মধ্যে নেমে পড়েছি। কেন নুসরাত জাহান রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন? আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদেরই দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, ব্যর্থ হয়েছি শিশুদের নিরাপত্তা দিতে।’ তিনি বলেন, ‘তার পরও আমি স্বপ্ন দেখি অবশ্যই বাংলাদেশ একটা সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।’ ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘ইলিয়াস আলী আজকের এই দিনে গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন। সেই সাত বছর আগে তার ছোট্ট মেয়েটার বয়স ছিল ছয় বছর। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। এখন তার বয়স হয়েছে ১৩ বছর। এখনো সে দরজার দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার বাবা ফিরল। কিন্তু ফেরে না।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন,  ‘মুক্তিযুদ্ধের সময়ে এমন একটি পরিবারও ছিল না, যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এমন একটা পরিবার ছিল না, যাদের পরোক্ষ বা প্রত্যক্ষ অবদানে আমাদের লক্ষ্য সমৃদ্ধ না হয়েছে। নতুন করে আবার ভাবতে হবে আজকের বাংলাদেশ এটা আমি চাইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে পেতে চাই, আইনের শাসন ফিরে পেতে চাই, প্রত্যেকের অধিকার নতুনভাবে ফিরে পেতে চাই।’

অনুষ্ঠানে আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্যের ওপর ৮৫ জন খুদে শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং শাহরিয়ার সোহাগ ও সামিনা আখতারের পরিচালনায় সভায় পরিচালক ছটকু আহমেদ, সংগীতশিল্পী শফি মন্ডল, জিনাত রেহানা, অভিনেত্রী রিনা খান ও শিশু প্রতিযোগী পিয়ানু মিত্র বক্তব্য দেন।