তরুণদের পরিকল্পনামন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা বাড়ান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার একটি আধুনিক পরিবেশবান্ধব সর্বজনীন উন্নয়নের দেশ গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য প্রয়োজন বিদ্যুৎ। আর নবায়নযোগ্য জ্বালানি এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এজন্য এ বিষয়ে গবেষণা কার্যক্রম বাড়াতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আমার গ্রাম : আমার শহর বিনির্মাণে নবায়নযোগ্য শক্তির ভূমিকা’ শীর্ষক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপাল সি বড়–য়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিক জোবায়ের এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব।

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমরা ‘আমার গ্রাম, আমার শহর’ নিয়ে নানা ধরনের কর্মসূচি শুরু করেছি। বর্তমান পরিবেশবান্ধব সরকারি নীতির মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমান্বয়ে তা আরও বাড়ানো হবে। তরুণদের নবায়নযোগ্যে জ্বালানি নিয়ে আরও গবেষণা এবং নানা ধরনের উদ্ভাবনকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।” এ ধরনের নানামুখী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘বিএসআরইএর কনফারেন্স অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার গ্রামকে গ্রামের মতো রেখে শহরের সব সুবিধা দেওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে এবং সে লক্ষ্যে নানা প্রকল্পও হাতে নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের তরুণরা নবায়নযোগ্যে জ্বালানি এবং পরিবেশবান্ধব নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে। এসব উদ্যোক্তার উদ্ভাবন বাণিজ্যিকীকরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।’

সিদ্দিক জোবায়ের বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানিকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ প্রক্রিয়া কনভেনশনাল বিদ্যুৎ থেকে যথেষ্ট সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। তাই সবাইকে এ বিষেয়ে সচেতন হতে হবে।’ দুই শতাধিক নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও নীতিনির্ধারক সম্মেলনে উপস্থিত ছিলেন।